বগুড়ায় খাজনা আদায়কে কেন্দ্র করে তিনমাথায় দেশি ফলের আড়তে অপ্রীতিকর ঘটনা

বগুড়ায় খাজনা আদায়কে কেন্দ্র করে তিনমাথায় দেশি ফলের আড়তে অপ্রীতিকর ঘটনা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের রেল গেট তিনমাথার অদূরে দেশি ফলের আড়ৎ রেহেনা ফল মন্ডিতে খাজনা আদায়কে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আড়ৎদারদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ইজারাদার অতিরিক্ত খাজনা আদায়ের পাশাপাশি ফল কিনতে আসা খুচরা ব্যবসায়ীদের মারপিটও করে। 

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ শফিকুল ইসলাম আরফান জানান, তিন মাথার অদূরে রেহেনা ফল মন্ডি পৌরসভা থেকে ইজারা দেওয়া না হলেও ইজারাদার সেখান থেকে নিয়মিত খাজনা আদায় করছেন। খাজনা আদায় করলেও তারা বাধা দেননি। কিন্তু সম্প্রতি ইজারাদারের লোকজন আড়ৎএ ফল কিনতে আসা ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত খাজনা নিচ্ছেন।

শুধু তাই নয় খাজনা অতিরিক্ত আদায়ের পাশাপাশি তারা খুচরা ব্যসায়ীদের সাথে খারাপ ব্যবহার করার পাশাপাশি মারপিটও করে। এ অবস্থায় গতকাল বুধবার সকালে খাজনা আদায়কে কেন্দ্র করে সেখানে মারপিটের ঘটনা ঘটে। ঘটনার পর পরই স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং বিষয়টি সুরাহ না হওয়া পর্যন্ত খাজনা আদায় না করার কথা বলা হয়েছে।

বগুড়া পৌরসভার বাজার ইন্সপেক্টর মো. আব্দুল হাই জানান, চলতি ১৪৩২ সালের জন্য স্টেশন রোড ইজারা দেওয়া হয়েছে। বছরের মাঝপথে আড়ৎ তিনমাথায় চলে যাওয়ায় ইজারাদার সেখানে খাজনা আদায় করছে। কোন ফলে কত টাকা খাজনা আদায় করা যাবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ইজারা দেওয়ার সময় ইজারাদারকে সব জানিয়ে দেওয়া হয়েছে। ইজারাদার নিজ খরচে আড়ৎ এ খাজনা আদায়ের তালিকা টানিয়ে দেওয়ার কথা। তারা যদি না দেয় তবে দিতে বলা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162374