বগুড়ার সোনাতলায় রাস্তার গাছ অবাধে কাটা হচ্ছে : স্থানীয়দের মাঝে ক্ষোভ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় একটি জনগুরুত্বপূর্ণ রাস্তার দু’পাশে অবস্থিত গাছ কাটা শুরু করেছে একটি মহল। এতে করে এলাকাবাসিদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। দিন-দুপুরে প্রকাশ্যে জনসম্মুখে গাছ কাটা হলেও কর্তৃপক্ষ নির্বিকার।
উল্লেখ্য, বগুড়ার সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১১/১২ কিলোমিটার দক্ষিণে জোড়গাছা ইউনিয়নের হাটকরমজা-পোড়াপাইকর ছলুরঘাট সড়কে ৫০৯টি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ২০/২২ বছর আগে স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনিয়ন পরিষদের সাথে চুক্তির বিনিময়ে গাছ লাগায়। সেই সময় গাছগুলো তদারকি করার জন্য সামান্য বেতনে একজনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, গত ঈদ-উল-ফিতরের কয়েকদিন আগে থেকে এলাকার একটি মুখচেনা মহল ওই রাস্তার পাশে লাগানো গাছ কাটা শুরু করেছে। ইতোমধ্যেই ৭০/৮০টি গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা আরও জানান, ওই বৃক্ষগুলো রোপনের ফলে পুরো রাস্তা ছায়ায় পরিণত হয়েছিল। পাশাপাশি রাস্তার দু’পাশে গাছ থাকায় গ্রীষ্ম ও বসন্তকালে মানুষ ক্ষণিকের জন্য বিশ্রাম নিতো।
স্থানিয়রা আরো জানান, গাছ কাটার ফলে বৃষ্টি ও বন্যার পানিতে রাস্তা ধ্বসে যাওয়ার পাশাপাশি পরিবেশ বিপন্নের শংকা দেখা দিবে। উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন অবাধে গাছ কর্তন করে চলছে মহলটি। তাদের বিরুদ্ধে কথা বললেই, দেয়া হচ্ছে হুমকি।
এ বিষয়ে পোড়াপাইকর গ্রামের সাজু মিয়া নামের এক ব্যক্তি বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা একসময় ইউনিয়ন পরিষদের সাথে চুক্তির বিনিময়ে গাছগুলো রোপন করে। এ বিষয়ে উপজেলা বন বিভাগে যোগাযোগ করা হলে গাছ কাটার বিষয়টি তাদের গোচরে নেই বলে জানায়।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর গাছ কাটতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162372