বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত : দ্রৌপদী মুর্মু
আন্তর্জাতিক ডেস্ক : দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার জন্য এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ কথা জানান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বুধবার (২৫ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
দ্রৌপদী মুর্মু ভারতের সরকার, জনগণ ও তার নিজের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক সংযোগ ও দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে আবদ্ধ, যা আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তিটিকে রূপদান করে। বছরের পর বছর ধরে, আমরা সংযুক্তি, বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধিকরণ ও শিক্ষাসহ প্রধান খাতগুলোতে জনগণ-কেন্দ্রিক উন্নয়নকে অগ্রসর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে সীমান্তের উভয় পাশের নাগরিকদের কাছে বাস্তবিক সুফল পৌঁছে দিয়েছি।
তিনি বলেন, ভারত আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার জন্য এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী।
শুভেচ্ছা বার্তায় দ্রৌপদী মুর্মু আরও বলেন, অনুগ্রহ করে পুনরায় আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আমার আন্তরিক শুভকামনা গ্রহণ করুন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162356