সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে : মির্জা ফখরুল

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে।

গতকাল সোমবার সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুন:খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। তেল সংকট নিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধ লেগেছে সে কারণে তেলের সরবরাহ কম। কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচিন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না।

তিনি বলেন, গম ঝড়-বৃষ্টিতে ঝরে পড়ে গেছে। আলু বৃষ্টিতে শুয়ে পড়েছে। আমাদের কৃষকের ভাগ্য এটাই। এসব সমস্যা আমরা বুঝি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষিঋণ মওকুফের। আমরা করে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সাহায্য হবে এমন কাজগুলো করছেন। ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সারাদেশে কয়েক কোটি নারীকে কার্ড দেওয়া হবে। এটার মাধ্যমে তারা সহযোগিতা পাবে। আমাদের সব প্রজেক্ট সম্পন্ন করা হবে। গোটা দেশে ২০ হাজার খাল খনন করা হবে।

এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিএনপির জেলা, উপজেলা, স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকগণসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162295