অবৈধভাবে ভারতে প্রবেশ কারাবাসে বাংলাদেশির মৃত্যু

অবৈধভাবে ভারতে প্রবেশ কারাবাসে বাংলাদেশির মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: অবৈধভাবে ভারতে গিয়ে কারাবাসে মৃত্যুর ৩৮ দিন পর দেশে ফিরেছে খাইরুজ্জামালের (৪২) মরদেহ। গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে লালমনিরহাটের চেংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

খাইরুজ্জামাল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল্লার ছেলে। পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে খাইরুজ্জামাল জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করছিলেন।

কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর মরদেহ দেশে ফিরে আনতে দুই দেশের মধ্যে দীর্ঘ প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

টানা ৩৮ দিনের প্রচেষ্টার পর বৃহস্পতিবার দুপুরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ ইবনে সিদ্দীক বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে খাইরুজ্জামালের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162292