মাদক ও জুয়া নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া হবে : ত্রাণমন্ত্রী দুলু
লালমনিরহাট প্রতিনিধি: মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, যেসব এলাকায় মাদক ও জুয়া নিয়ন্ত্রণে থাকবে সেসব এলাকাকে সরকারের পক্ষ থেকে বেশি সহযোগিতা দেওয়া হবে। তবে মাদকসেবী বা ব্যবসায়ীদের কোনো ধরণের সহায়তা করা হবে না।
গতকাল সোমবার সকাল ১০টায় কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী ঐতিহ্যবাহী সিন্দুরমতী পুকুরপাড়ে মেলা প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহ্যবাহী সিন্দুরমতী পুকুরকে ভবিষ্যতে বিশ্বের কাছে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, সিন্দুরমতী পুকুর ঘিরে আমার একটি স্বপ্ন রয়েছে। ইতোমধ্যে ঢাকা থেকে আর্কিটেক্ট আনা হয়েছে।
দুলু বলেন, আসন্ন সিন্দুরমতী মেলায় সার্কাস, মাদক ও জুয়ার মতো অনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এতে করে মেলার স্বাভাবিক ও ধর্মীয় পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমি লালমনিরহাটকে একটি আলোকিত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য মাদক ও জুয়াসহ সব ধরণের অপকর্ম বন্ধে প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে। বাংলাদেশ সকল ধর্ম ও মানুষের-এটাই স্বাধীনতার মূলমন্ত্র।
এ সময় আগামী ২৭ মার্চ অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী সিন্দুরমতী মেলা উপলক্ষে দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম প্রত্যাশা করেন এই ত্রাণমন্ত্রী। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের পর বাংলাদেশ আর আগের মতো চলবে না।
আমরা একটি সাম্যভিত্তিক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রীর এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস।
সভায় আরও বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ ও লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ আ. মতিনসহ সিন্দুরমতী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162289