মেলায় যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ, অভিমানে স্বামীর আত্মহত্যা
মফস্বল ডেস্ক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে মেলায় যাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী আত্মহত্যা করেছেন। ঐতিহ্যবাহী শেখেরনগর চলমান কালীপূজার মেলায় যাওয়া নিয়ে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে পুলিশ। এর আগে, সকাল ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্বামীর নাম কিশোর শীল (১৯)। তিনি বরগুনা জেলার পাড়াকাটা এলাকার রিপন শীলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর শীল মধ্যপাড়া বাজারে একটি সেলুনে কাজ করতেন। তিনি মালপদিয়া গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্ত্রী পায়েল ও শ্বশুর সুমন শীলের সঙ্গে বসবাস করতেন।
ঘটনার দিন সকালে শেখরনগরের ঐতিহ্যবাহী কালীপূজার মেলায় যাওয়া নিয়ে স্ত্রী পায়েলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান বিকাল ৪টার দিকে গণমাধ্যমকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শুনেছি মেলায় যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় ওই যুবকের। বিস্তারিত তদন্ত চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162264