বগুড়ার শিবগঞ্জে ঈদের ছুটিতে দু’টি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

বগুড়ার শিবগঞ্জে ঈদের ছুটিতে দু’টি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে ঈদের ছুটিতে দু’টি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে, প্রতি বছরে ঈদ এলেই প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই সুযোগ কাজে লাগায় সংঘবদ্ধ চোরের দল। শিবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত কলুমগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি কক্ষের তালা ভেঙে সংঘবদ্ধ চোরের দল গত রোববার রাতের আঁধারে বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম (রঞ্জু) বলেন, রমজানের রোজা ও ঈদের ছুটির কারণে বিদ্যালয়টি বন্ধ থাকার সুযোগে একটি সংঘবদ্ধ চোরের দল রাতের আঁধারে বিদ্যালয়ের ৪টি কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ৪টি সেলিং ফ্যান, ৩টি স্টিলের আলমারি ভেঙে ২টি সাউন্ড বক্স, ওজন মাপা যন্ত্র, তাপ মাপার যন্ত্র, ডিজিটাল উচ্চতা মাপার যন্ত্র, একটি প্রজেক্টর, কন্ট্রোল বক্স, বৈদ্যুতিক তার এবং নতুন বইসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।

অপরদিকে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের পশ্চিম জাহাঙ্গীরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি ও ৭ মার্চ পৃথক দু’টি রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল ৪টি সেলিং ফ্যান, ২টি সাউন্ড বক্স, ওজন মাপা যন্ত্র, তাপ মাপার যন্ত্র, ডিজিটাল উচ্চতা মাপার যন্ত্র, একটি প্রজেক্টর, কন্ট্রোল বক্স, বৈদ্যুতিক তার এবং নতুন বইসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় পৃথক ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162262