নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নারী নিহত, শিশুসহ আহত ৫

নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নারী নিহত, শিশুসহ আহত ৫

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভ্যান, শ্যালো ইঞ্জিনচালিত (ভটভটি) এবং স্টিয়ারিংয়ের ত্রিমুখী সংঘর্ষে এক নারী নিহত। এ ঘটনায় শিশুসহ আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) ২৪ মার্চ সকাল সোয়া ৯টার দিকে উপজেলার পাড়ইল ইউনিয়নের জিনারপুর মোড়ে ভ্যানযোগে ৬/৭জন যাত্রী নিয়ামতপুরে আসার পথে মোড়ে দাঁড়িয়ে ছিল। গাংগোরের দিক থেকে একটি স্টিয়ারিং বেপরোয়াভাবে একটি ভটভটিকে ধাক্কা দিলে ভটভটি ভ্যানগাড়ির ওপর আছড়ে পড়ে। এতে ভ্যানে থাকা যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। নিহত নারী উপজেলার পাড়ইল ইউনিঢনের উমরইল গ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী ও খোদা বক্সের মেয়ে নুরেছা (৩৮)। আহত পাঁচজনের পরিচয় জানা যায়নি। 

আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ফয়সাল নাহিদ পবিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম হাসপাতাল পরিদর্শন করেন এবং আহতদের দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। 

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী মারা গেছেন। মৃত ব্যক্তির সুরতহাল করে তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি। 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162222