ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারী-শিশুসহ ৩৩ বাংলাদেশি
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে চার শিশুসহ ৩৩ জন বাংলাদেশি নারী-পুরুষ।
গতকাল রোববার (২২ মার্চ) সন্ধ্যায় দু’দেশের ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
জানা যায়, ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি রংপুর, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে ৮ জন নারী ও শিশু এবং ২৫ জন পুরুষ রয়েছেন।
ফেরত আসা ভুক্তভোগীরা জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করা হয়। দীর্ঘ কষ্টের পর দেশে ফিরে পরিবারের কাছে আসতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া অফিসার সফিকুল ইসলাম বলেন,দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় তারা ভারতে যান। চেন্নাইয়ে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। সেখান থেকে একটি বেসরকারি সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।
এ বিষয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা হোসেন জানান, ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে তারা দেশে ফেরার সুযোগ পেয়েছেন। আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ সংস্থাটি ফেরত আসা এসব বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ থেকে নিজেদের হেফাজতে গ্রহণ করেছে।