ভোলায় পুকুরে মাছ ধরার সময় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল পেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মো. জসিম উদ্দীন।
আজ সোমবার (২৩ মার্চ) সকালে জেলা সদরের আলীনগর ইউনিয়নের চৌমুহনী মোড়ে ব্যাগ ভর্তি অস্ত্র পাওয়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কে বা কারা অস্ত্রটি মসজিদের পরিত্যক্ত পুকুর ফেলেছে তা তদন্ত করছে বলে জানান ভোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে আলী নগর চৌমুহনী এলাকার মসজিদের পুকুরে মাছ ধরার জন্য পাম্প বসিয়ে পানি কমানো হচ্ছিল। পানি কমে আসলে এলাকার দৃষ্টি প্রতিবন্ধী জসিম উদ্দীন হাত দিয়ে মাছ ধরতে ওই পুকুরে নামেন। মাছ খুঁজতে গিয়ে একটি শপিং ব্যাগ হাতে উঠে আসে। ওই শপিং ব্যাগের ভেতরে পাওয়া যায় পিস্তলটি। এমন খবরে ছুটে আসেন উৎসুক জনতা। এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পিস্তলটি উদ্ধার করে।
দৃষ্টি প্রতিবন্ধী জসিম একজন দিনমজুর। খেতে খামারে কাজ করে তার সংসার চলে। তিনি হাতিয়ে মাছ শিকারের কাজেও পারদর্শী।
ভোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, তারা খবর পেয়ে আলী নগর চৌমুহনী এলাকায় যান। অস্ত্র ও গুলিভর্তি একটি ম্যাগাজিন জব্দ করেন। অস্ত্রটির গায়ে জাপানের তৈরি লেখা রয়েছে। তবে কে বা কারা অস্ত্র টি রেখে গেছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162171