হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

 ঈদের ছুটিতে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টায় সিরাজগঞ্জ থেকে তাৎক্ষণিক এক ভিডিও কলের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।

ভিডিও কলের মাধ্যমে তিনি দায়িত্বরত চিকিৎসক, নার্স ও চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তবে ডিউটি রোস্টার অনুযায়ী ৪ জন চিকিৎসকের মধ্যে ১ জনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং এ বিষয়ে দ্রুত খোঁজ নেওয়ার নির্দেশ দেন।

চিকিৎসা কেমন চলছে এমনটা দেখতে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর সব জায়গায় কথা বলেন প্রতিমন্ত্রী। এসময় ঈদের ডিউটিতে থাকায় কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান এবং ছুটিতে চিকিৎসা কার্যক্রমের খোঁজ নেন তিনি।

চিকিৎসকদের মনোবল বাড়াতে তিনি বলেন, আপনারা এই দুর্গম এলাকার মানুষের শেষ ভরসা। আপনাদের এই নিষ্ঠার কথা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’ তিনি চিকিৎসকদের মনোবল বাড়াতে আরও আন্তরিকভাবে সেবা প্রদানের আহ্বান জানান।

ভিডিও কলের মাধ্যমে প্রতিমন্ত্রী কথা বলেন জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গেও। তৃণমূলের মানুষ যেন সঠিক সময়ে সেবা পায়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি সরকারের আগামীর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করার জন্য একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করেছি। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162167