ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে পরিবার-পরিজন নিয়ে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা। সরেজমিনে সোমবার (২৩ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এর আগে লম্বা ছুটি পেয়ে গত ১৭ মার্চ থেকে ফাঁকা হতে থাকে রাজধানী। পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপনে একে একে গ্রামের পানে ছুটে যান হাজারো মানুষ। বাস-ট্রেন-লঞ্চ সবখানেই ঘরমুখো যাত্রীদের চিরচেনা ভিড় দেখা যায়।
অবশেষে ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার (২২ মার্চ) থেকে খুলছে অফিস। তাই আগেভাগেই সোমবার পরিবার-পরিজন নিয়ে রেলপথে ঢাকায় ফিরতে দেখা গেছে অনেককে। আগেভাগেই ঢাকায় ফেরায় যাত্রীদের অতিরিক্ত চাপ না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন তারা।
এদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড়ও দেখা গেছে। পরিবারের সঙ্গে ঈদ করতে না পারলেও ঈদের পর কিছু সময় কাটাতে কিংবা ছুটি পেয়ে নির্বিঘ্নে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে সড়কপথের ভোগান্তি এড়িয়ে রেলপথ বেছে নিয়েছেন অনেকেই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162134