স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

সরকারি দলের নেতাকর্মীরাসহ সরকার যাতে কখনোই স্বৈরতান্ত্রিক রোগে আক্রান্ত না হয়, তার জন্য সকলকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ রোববার (২২ মার্চ) নিজ এলাকা বরিশালের আগৈলঝাড়ায় জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিয়মকালে তিনি এ পরামর্শ দেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘একটা পদ্ধতিগতভাবে যখন সরকার জনগণের ক্ষমতা দখল করে রাখতে চায়, তখন গণঅভ্যুত্থান তৈরি হয়, বিস্ফোরণ তৈরি হয়।’

তিনি স্মরণ করিয়ে দেন, ‘দুপুরের রান্না করা খাবার পর্যন্ত সাবেক প্রধানমন্ত্র‍ী (শেখ হাসিনা) খেতে পারেন নাই।’

মন্ত্রীর পরামর্শ, ‘আজ আমরা ক্ষমতাসীন দল। এই উদাহরণ আমাদের ধারণ করতে হবে। যাতে আমরা কখনোই এই ভুল দ্বারা আক্রান্ত না হই। আমরা যেন কখনোই স্বৈরতান্ত্রিক রোগে আক্রান্ত না হই। এ জন্য নেতৃবৃন্দকে সবসময় সজাগ থাকতে হবে।

তিনি মনে করেন, ‘ক্ষমতা কেবল দায়িত্ব। দায়িত্ব পালন করতে ক্ষমতা লাগে। কিন্তু দায়িত্বহীন কোনো ক্ষমতা নেই।’

উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘পাহারাদারকে আমরা ক্ষমতা দিই চোর-ডাকাত যাতে না ঢুকতে পারে। দারোয়ানের ক্ষমতা কি বাড়ির মালিকানা ক্ষমতা? বাড়ির মালিক তো ঘুমায়, কিন্তু বোকা দারোয়ান মনে করে, আমিই ক্ষমতাবান, আমিই মনে হয় মালিক।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতাসীন রাজনীতিবিদদের বুঝতে হবে, আমরা সবাই কিন্তু দারোয়ানের দায়িত্ব পালন করছি। ক্ষমতা মানেই জনগণ। আপনাদের কথায় বার্তায়, কখন যেন ঔদ্ধত্য প্রকাশ না পায়।’
 
এদিন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা বিএনপিসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162128