নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: চিফ হুইপ

নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: চিফ হুইপ

নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মণি।

আজ রবিবার (২২ মার্চ) সকালে বরগুনা সার্কিট হাউজ মাঠে ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমধর্মী বিজ্ঞানভিত্তিক আয়োজন BSS Sci Magic Carnival 2026 দুই দিনব্যাপী কার্নিভাল উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। 

বরগুনা সায়েন্স সোসাইটির (বিএসএস) উদ্যোগে আয়োজন করা হয়েছে এ কার্নিভাল।

সাইন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আতিকুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে চিফ হুইপ বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। আমাদের নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে কৌতূহল, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কার্নিভালে রয়েছে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী, সায়েন্স অলিম্পিয়াড এবং চমকপ্রদ ম্যাজিক শো। 

এসব আয়োজন শিশু-কিশোরসহ সবস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে। 

আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে অংশ নিয়েছেন বাংলার মিস্টার বিন-খ্যাত জনপ্রিয় ম্যাজিশিয়ান রাশেদ সিকদার। তার মনোমুগ্ধকর পরিবেশনা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়।

আয়োজকরা জানান, বিজ্ঞানকে সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয়ভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করাই এ কার্নিভালের মূল লক্ষ্য। পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার প্রয়াসও রয়েছে এ উদ্যোগে।

ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন (২২ ও ২৩ মার্চ) পর্যন্ত চলবে এই কার্নিভাল।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162108