যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ২৩২ বন্দী পেল ঈদের নতুন পোশাক
ঈদে নতুন পাজামা-পাঞ্জাবি-টুপি পেয়েছে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) ২৩২ জন বন্দী। তাদের জন্য সকালের খাবারে ছিল ফিরনি, সেমাই।
আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় কেন্দ্রের মধ্যে নির্ধারিত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পড়ার স্থানে রঙিন কাগজ দিয়ে সাজানো ছিল। বিষয়টি নিশ্চিত করেছে শিশু উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক মো. মঞ্জুর হাছান।
যশোর শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রের উপ-পরিচালক মো. মঞ্জুর হাছান জানান, কেন্দ্রে ১৫০ ‘বন্দীর’ থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে বন্দী ২৩২ জন। ‘বন্দীদের’ মধ্যে সর্বনিম্ন ১০ বছরের আছে ৪/৫ জন। আর অন্যরা ১৭ বছর বয়সী। বিভিন্ন মামলায় তাদের সাজা হয়েছে।
তিনি জানান, সরকারি বরাদ্দ অনুযায়ী ‘বন্দীদের’ ঈদের দুপুরে দেওয়া হয়েছে পোলাও, গরুর রেজালা, ডাল, কোমল পানীয় এবং বিকেলে মিষ্টি। রাতের খাবারে থাকবে মাংসের সঙ্গে পাতলা ডাল।
তিনি জানান, সরকারি অর্থেই ঈদ আয়োজনে খরচ করা হচ্ছে। বাইরে থেকে কোনো সহযোগিতা আসেনি।
গত ঈদে ২০ থেকে ২৫ জন অভিভাবক সাক্ষাৎ করেছিলেন। এবার ঈদের দিন সাক্ষাতের সুযোগ আছে। ৩০/৩৫ জন সাক্ষাত করতে পারেন বলে তিনি জানিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162060