রোনালদোকে বাদ দিয়েই পর্তুগালের স্কোয়াড ঘোষণা
ক্রিস্টিয়ানো রোনালদো ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মার্চ মাসের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পর্তুগাল স্কোয়াডে থাকবেন না। ফলে রোনালদো মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামতে পারবেন না।
রোনালদো গত ২৮ ফেব্রুয়ারি আল নাসরের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। এরপর থেকে তার ফিটনেস নিয়ে শঙ্কা দেখা দেয়। ৪১ বছর বয়সী এই তারকা গত দুই সপ্তাহ ধরে মাদ্রিদে চিকিৎসা নিয়েও পুরোপুরি সুস্থ হতে পারেননি।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আজটেকা স্টেডিয়ামে ২৮ মার্চ, আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ হবে ৩১ মার্চ আটলান্টায়। ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্রে রোনালদোর খেলতে যাওয়ার এটি প্রথম সুযোগ ছিল না। সর্বশেষ তিনি সেখানে ছিলেন রিয়াল মাদ্রিদ প্রাক-মৌসুম সফরের অংশ হিসেবে।
তবে কোচ রবার্তো মার্তিনেজ ভক্তদের আশ্বস্ত করেছেন- রোনালদো বিশ্বকাপ মিস করার ঝুঁকিতে নেই। তার ভাষায়, না, সে কোনো ঝুঁকিতে নেই। এটা ছোট ধরনের ইনজুরি। আমরা আশা করছি এক-দুই সপ্তাহের মধ্যেই ফিরবে।” তিনি আরও বলেন, “এই মৌসুমে ক্রিস্টিয়ানো যেভাবে শারীরিকভাবে নিজেকে ধরে রেখেছে, তাতে বোঝা যায় সে দারুণ ফিট।
পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের মালিক রোনালদো ২০২৫ সালের শেষ ম্যাচটিও মিস করেছিলেন নিষেধাজ্ঞার কারণে। সেই ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলে জিতেছিল পর্তুগাল। এদিকে দলে আছেন তার সতীর্থ জোয়াও ফেলিক্স, পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডর অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজও জায়গা পেয়েছেন।
প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডর মিডফিল্ডার মাতেউস ফার্নান্দেস। এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন রিয়াল সোসিয়েদাদর উইঙ্গার গনসালো গেদেস। কোচ মার্তিনেজ বলেন, গেদেস বহুমুখী খেলোয়াড়। এই মৌসুমে ৯ গোল করেছে, দারুণ ফর্মে আছে। সে ম্যাচের গতি বদলে দিতে পারে—এমন একজন ফরোয়ার্ড, যাকে আমরা খুঁজছিলাম।
আগামী ১৭ জুন হিউস্টনে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে প্লে-অফের বিজয়ী দল থেকে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162054