সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১

সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মো. রাজু (৩০) ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকার বাসিন্দা ছিলেন।

গতকাল শুক্রবার (২০ মার্চ) রাতে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আলী আজম নামে একজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ইফতারের কিছু আগে গাছ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। রাজুর আত্ময় আজম ওই তর্কে জড়িয়ে পড়েন। রাজু সেখানে গিয়ে আজমকে ঝগড়া করতে নিষেধ করলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

ওসির বরাত দিয়ে স্থানীয়রা জানান, এই ঘটনার জের ধরে রাত ৯টার দিকে আজম ও তার চার ছেলে রাজুকে বাড়ি থেকে ডেকে বের করে আনেন ও তার ওপর চড়াও হন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজুকে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বোন তাহমিনা আক্তার জানান, ঘটনার পর তিনি ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ও আজমকে আটক করে।

ওসি মহিনুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা আজমকে আটক করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162037