পাইরেসিকে খুব বেশি প্রায়োরিটি দিবেন না : নিশো
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো মনে করেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এখন একটি ক্রমবর্ধমান পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে সিনেমা টিকিয়ে রাখতে পাইরেসি রুখে দেওয়া এবং দর্শকদের সক্রিয় সমর্থন সবচেয়ে বেশি জরুরি। ‘দম’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।
চলচ্চিত্রে সেন্সর বোর্ডের ‘কাঁচি’ চালানোর চেয়ে গ্রেডিং সিস্টেম চালুর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন নিশো। তিনি বলেন, ‘সেন্সর বোর্ড থেকে গ্রেডিং সিস্টেমটা থাকলে ভালো, কোনো কিছু কেটে ফেলে দেওয়ার চেয়ে। কারণ কিছু কেটে ফেললে নির্মাণশৈলী ঠিকমতো বোঝা যায় না, কাজটা তখন অসম্পূর্ণ মনে হয়
নিজের সিনেমা ‘দম’ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সিনেমাটি ‘এ’ (অ্যাডাল্ট) নাকি ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেল, সেটি দর্শকরাই বেছে নেবেন। কোনো ছবিতে ভায়োলেন্স বা অ্যাডাল্ট কনটেন্ট থাকলে সেটা জেনেই মানুষ দেখতে যাবে। আমার ছবিও ভায়োলেন্স বা রগরগে বিষয়ের কারণে ‘এ’ গ্রেড পেতেই পারে। এটা আগে থেকে জেনে যাওয়া ভালো বিষয়।’
সিনেমা সংশ্লিষ্টদের বড় দুশ্চিন্তার নাম পাইরেসি। এ নিয়ে দর্শকদের কঠোর বার্তা দিয়েছেন নিশো। তিনি বলেন, ‘আপনারা পাইরেসিকে খুব বেশি প্রাধান্য দেবেন না। এই গ্রোয়িং স্টেজে আপনারা যদি ফ্রি কনটেন্ট দেখার দিকে ঝোঁকেন, তবে বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি বলে ভবিষ্যতে কিছু থাকবে না। এতে লগ্নিকারীরা ক্ষতিগ্রস্ত হন এবং পরবর্তী সময়ে ভালো বাজেটের ছবি করার ঝুঁকি নিতে ভয় পান।’
নিশো মনে করেন, দর্শকরাই ঠিক করবেন তারা কোন সিনেমাটি দেখবেন। তবে ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পাইরেসি পরিহার করে বৈধভাবে সিনেমা দেখার বিকল্প নেই বলে তিনি সতর্ক করেন।