ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম
ঝালকাঠির রাজাপুরে জামায়াতে ইসলামীর এক কর্মী ও তার জামাইকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২০ মার্চ) রাতে আহত জালাল আহম্মেদের স্ত্রী মোসা. কুলসুমা বেগম রাজাপুর থানায় এজাহার দেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জালাল আহম্মেদের সঙ্গে অভিযুক্তদের বিরোধের সৃষ্টি হয়। নির্বাচনের সময় ভিন্ন প্রতীকে অবস্থান নেওয়ায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে জালাল আহম্মেদকে প্রাণনাশের হুমকি দেওয়া হলে তিনি এলাকা ছেড়ে ঢাকায় চলে যান। পরে ঈদ উপলক্ষ্যে অসুস্থ মাকে দেখতে বাড়িতে এলে হামলার শিকার হন।
এজাহারে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেল বাড়িয়া এলাকায় খালেকের স্কুলসংলগ্ন নির্জন সড়কে ওত পেতে থাকা ১৫–২০ জনের একটি দল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে জালাল আহম্মেদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার দুই পা গুরুতরভাবে কেটে জখম হয় এবং ডান হাত ভেঙে যায়।
এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার জামাই আনিসুর রহমান সিকদারকেও কুপিয়ে জখম করা হয়। তার হাত ও পায়ে একাধিক স্থানে আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।