মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সুরক্ষাই প্রথম প্রায়োরিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের প্রথম অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ শুক্রবার (২০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এসময় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যুদ্ধাবস্থায় প্রবাসীদের নিরাপত্তাই সরকারের প্রথম অগ্রাধিকার। বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ মিশনগুলো প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপদে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা আশা করছি দ্রুতই এই সংঘাতের অবসান ঘটবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে দেশে ফিরতে চান, তাদের পরিস্থিতি বিবেচনায় ফিরিয়ে আনার জন্য সরকারের প্রস্তুতি রয়েছে।
এছাড়া বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।