বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্ত এলাকায় ঝোপঝাড়ের ভেতর মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকা।
আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি জানান, বিজিবির সরাইল ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহল দল বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২০০৭/৯-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলের মধ্যে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- মোবাইল ফোনের ডিসপ্লে ৯ হাজার ৬০০ পিস, সানগ্লাস ১৩ হাজার ৬২৮ পিস, ভারতীয় শাড়ি ৩৪৩ পিস। যার আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকা। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত এক বছরে সরাইল ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪৩ কোটি টাকার মাদকদ্রব্য, মূল্যবান মোবাইল ফোনের ডিসপ্লে, শাড়ি, কসমেটিকসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করে বিজিবির ২৫ ব্যাটালিয়ন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161935