ইরানে যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার গুঞ্জন
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস হওয়ার বিষয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র। তাসনিন নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সূত্রটি জানায়, দ্বিতীয় যুদ্ধবিমানটি ভূপাতিত করার যে খবরটি ছড়িয়েছে তা এখন পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট ওই সূত্রের মতে, এটি মূলত একটি ‘ভুয়া খবর’ হতে পারে যা সম্ভবত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলিরাই ছড়িয়েছে। প্রথম এফ-৩৫ যুদ্ধবিমানটি সফলভাবে লক্ষ্যবস্তু করার ঘটনা থেকে বিশ্ববাসীর মনোযোগ সরিয়ে নিতে বা সেই অর্জনকে ম্লান করে দিতেই এমন চাতুর্যপূর্ণ প্রচার চালানো হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। তিনি আরও বলেন, যদি দ্বিতীয় কোনো যুদ্ধবিমান ধ্বংসের খবর নিশ্চিত হয়, তবে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবে।
সূত্রটির দাবি, একটি মার্কিন এফ-৩৫ ধ্বংস হওয়ার মাধ্যমে বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের দম্ভ ধূলিসাৎ হয়ে গেছে। আর এ কারণেই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরবর্তীতে তা নাকচ করে দেওয়ার মাধ্যমে একটি ‘শয়তানি মিডিয়া ক্যাম্পেইন’ চালানো হতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছিল, তারা ইরানের মধ্যাঞ্চলের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটে সফলভাবে আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে আইআরজিসির অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। বিমানটির বর্তমান অবস্থা এখনো তদন্তাধীন থাকলেও সেটির বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল বলে জানানো হয়েছিল। আইআরজিসি আরও উল্লেখ করেছে, সাম্প্রতিক সময়ে তারা ইরান ও এর আশেপাশে ১২৫টিরও বেশি মার্কিন ও ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161924