সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধ শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধ শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধ শতাধিক স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে একটি জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন কাহারোল উপজেলার রসুলপুর দারুল হুদা মাদরাসার শিক্ষক আবু তাহের।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় এবার ৫০টির মতো স্থানে আগাম ঈদের জামাত হয়েছে।

নামাজ পড়তে আসা সুলতান আলী বলেন, এক মাস সিয়াম সাধনার পর আজ আমরা ঈদের সালাত আদায় করলাম। আমরা পরিবারের সবাই মিলে এসে সুন্দর ও ভালোভাবে সালাত আদায় করতে পেরেছি। আমরা সবাই খুবই আনন্দিত।

হলি কোরআন মাদরাসার শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, সারাদেশের নিয়মের বাইরে গিয়ে একদিন আগে ঈদ করছি।

সারা বিশ্বে একটাই চাঁদ। সৌদি আরবের ভাইয়েরা চাঁদ দেখেই রোজা রেখেছেন, তারা মুসলিম। তাদের বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে। চাঁদ উঠেছে, এমন সংবাদ পৌঁছালে রোজা রাখা ফরজ, তেমনি দুই ঈদও করতে হয়।

নামাজে ইমামতি করা আবু তাহের বলেন, পৃথিবী একটা, সৌদি আরব পৃথিবীর মধ্যে। এজন্য আমরা একই দিনে ঈদ করার চেষ্টা করি। তাই একই দিনে ঈদের নামাজ আদায় হয়েছে।

জানা গেছে দিনাজপুর শহরের নিউটাউন, ফুলতলা, ইসলামবাগ এলাকা, বোচাগঞ্জ উপজেলার ছাতইর, বিরলের ভাড়াডাঙ্গি, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম ও তের মাইল এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ ও জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ী মির্জাপুর জামে মসজিদ, চিরিরবন্দর উপজেলার রাবারড্যাম এলাকা, বিরল উপজেলার বালাদার গ্রামসহ বিভিন্ন স্থানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিটি জামাতে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

সব মিলিয়ে জেলায় প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। তারা বলছেন, জেলায় মোট ৪৪টি জামাত হয়, এবার বেশি হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161912