ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হয়েছে। অভিযানের একদিনে-ই একাধিক পরিবহনকে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে ২টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে ইলিশ পরিবহন ও যমুনা হাই ডিলাক্সকে এই জরিমানা করা হয়। ধোলাইপাড় এলাকায় যাত্রীচাপ বেশি থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪টি পরিবহনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে, সায়েদাবাদ এলাকায় তিনটি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

এতে বলা হয়, উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা না রাখা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এলাকায় যানজট নেই এবং যাত্রীচাপ কমতে শুরু করেছে বলে জানা গেছে। এছাড়া কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকায় পৃথক অভিযানে ৪টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন একই এলাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর বাইরে চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় ৭ হাজার টাকা এবং টাঙ্গাইলের এলেঙ্গায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে বরিশাল জেলায় পরিচালিত ১টি অভিযানে ১টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় পরিচালিত অভিযানে ৩টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সার্বিকভাবে দেশের বিভিন্ন স্থানে যাত্রা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161892