রামুতে চাহিদামতো তেল না পেয়ে অস্ত্র উঁচিয়ে তাণ্ডব, ইটভাটার মালিক আটক
কক্সবাজারের রামুতে চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশন কর্মচারীকে মারধর ও লাইসেন্স করা শটগান উঁচিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে বি কে আজম নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৮ মার্চ) গভীর রাতে রামুর একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বি কে আজম স্থানীয় ‘বি কে আজম ব্রিকফিল্ড’-এর মালিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের মরিচ্যা বিজিবি ক্যাম্প সংলগ্ন ‘এশিয়া পেট্রলপাম্পে’ এই ঘটনা ঘটে। পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা পায়জামা-পাঞ্জাবি পরা এক ব্যক্তি (বি কে আজম) প্রথমে এক কর্মচারীকে মারধর করছেন এবং পরে নিজের প্রাইভেটকার থেকে শটগান বের করে ভয়ভীতি দেখাচ্ছেন। পরে আরেক ব্যক্তি তাকে জাপটে ধরে নিবৃত্ত করেন। পরবর্তীতে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
এশিয়া পেট্রলপাম্পের ব্যবস্থাপক নুরুল হক জানান, জেলায় জ্বালানি সংকটের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে রেশনিং পদ্ধতি চালু রয়েছে। নিয়ম অনুযায়ী একটি প্রাইভেট কার ১ হাজার টাকার বেশি তেল নিতে পারে না। কিন্তু বি কে আজম জোরপূর্বক অতিরিক্ত কয়েক হাজার টাকার তেল দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে কর্মচারীদের ওপর হামলা করেন এবং নিজের শটগান বের করে গুলি করতে উদ্যত হন।
ঘটনার পর পাম্প কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ও ভিডিওর সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালানোর ভিডিওটি নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছি। একই সঙ্গে তার ব্যবহৃত লাইসেন্স করা শটগানটিও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা পায়জামা–পাঞ্জাবি পরা এক ব্যক্তি ( বি কে আজম) প্রথমে একজনকে মারধর শুরু করেন। পরে গাড়ি থেকে শটগান বের করে তাক করেন এবং তাণ্ডব চালান। পরে আরেক ব্যক্তি তাঁকে জাপটে ধরে নিবৃত্ত করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161844