নসিমন-কাভার্ড ভ্যানের ‍মুখোমুখি সংঘর্ষ, ব্যবসায়ী নিহত

নসিমন-কাভার্ড ভ্যানের ‍মুখোমুখি সংঘর্ষ, ব্যবসায়ী নিহত

ঝিনাইদহের শৈলকুপায় চাঁদপুর নামক স্থানে নসিমন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন নসিমনচালক সাব্বির হোসেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার চাঁদপুরের ড্রাগন বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে

স্থানীয়রা জানান, ব্যবসায়ী মনোয়ার হোসেন সকালে নসিমনে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারী বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর ড্রাগন বাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনোয়ার হোসেন। আহত হন নসিমনচালক সাব্বির। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত নসিমন চালককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নসিমন চালক চিকিৎসাধীন রয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161830