জেট ফুয়েলের দাম একলাফে বাড়ল ৮২ টাকা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা এবং বিশেষ করে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় দেশে জেট ফুয়েলের দাম একলাফে প্রায় ৭৩ শতাংশ বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
তবে বুধবার (১৮ মার্চ) এক জরুরি বৈঠকে এই দাম নির্ধারণ করা হলেও আপাতত এর কার্যকারিতা স্থগিত রাখা হয়েছে।
বিইআরসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে যাতায়াতকারী ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ১৯৪ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ প্রতি লিটারে দাম বাড়ার কথা ছিল ৮১ টাকা ৭৭ পয়সা। একই সঙ্গে আন্তর্জাতিক রুটের জন্য ব্যবহৃত জ্বালানির দামও প্রতি লিটার শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ২৬৮৯ ডলার করার প্রস্তাব করা হয়।
বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য বুধবার দিবাগত রাত ১২টা থেকেই কার্যকর হওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে সংস্থাটি তাদের অবস্থান পরিবর্তন করে। বিইআরসির সদস্য মিজানুর রহমান জানিয়েছেন, জেট ফুয়েলের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত এখনই কার্যকর হচ্ছে না। আগামী ২৫ মার্চ কমিশনের আরেকটি সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভা থেকেই চূড়ান্ত ঘোষণা আসবে।
সংস্থাটির সহকারী পরিচালক (ট্যারিফ-২) রাজু আহমেদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন যে, ১৮ মার্চ সমন্বয়কৃত জেট ফুয়েলের এই বর্ধিত মূল্যহারের কার্যকারিতা আপাতত স্থগিত করেছে কমিশন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161807