ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ ঈদের ছুটিতেও চালু থাকছে।
বুধবার (১৮ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরীর ১৬ মার্চ স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী আগামী ২৪ মার্চ পর্যন্ত ২৪ ঘণ্টা ৭ দিন এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। এতে ৩ শিফ্টে ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।
প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকা এই ঠিকানায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নাম্বার হচ্ছে (টোল ফ্রি) [দেশে থেকে ১৬১৩৫] এবং [বিদেশ হতে +৮৮০৯৬১০১০২০৩০]।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জারি করা অফিস আদেশে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
এ ছাড়া, অফিস আদেশে কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে যে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশে শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন এবং ছক অনুযায়ী তথ্যাদি সংগ্রহপূর্বক ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161746