বিশ্বকাপ দলে নেইমারকে চান না আনচেলত্তি!

বিশ্বকাপ দলে নেইমারকে চান না আনচেলত্তি!

স্পোর্টস ডেস্ক : চোট আর ফর্মের কারণে অনেক দিন ধরেই ব্রাজিল দলে নেই নেইমার। আনচেলত্তি কোচ হয়ে আসার পর তো ব্রাজিল দলে একবারও ডাক পড়েনি তার। আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে দুটি প্রীতিম্যাচের দলে নেইমারের না থাকার গুঞ্জনটাও বেড়ে যায়। শেষ পর্যন্ত গুঞ্জনটা সত্যি হয়েছে। 

২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে  ম্যাচের জন্য ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের। তাতে বিশ্বকাপ খেলার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছেন সান্তোসের এ তারকা। শতভাগ ফিট না থাকায় নেইমারকে বিবেচনায় রাখা হয়নি বলে জানান আনচেলত্তি। আর ভবিষ্যতে ফিট হলে হয়তো তাক দলে নিবেন। ব্রাজিল দলে সুযোগ না পেলেও হাল ছাড়ছেন না নেইমার। ২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর থেকে ব্রাজিল দলে দেখা যায়নি নেইমারকে। চোট থেকে সেরে উঠলেও ফর্মের ধারাবাহিকতা ছিল না তার। নিজেকে মেলে ধরতে সৌদি আরব ছেড়ে স্বদেশি ক্লাব সান্তোসে যোগ দেন। 

মোটামুটি নিয়মিত ম্যাচ খেললেও পারফরম্যান্সের গ্রাফটা খুব কমই ছিল ঊর্ধ্বমুখী। কয়েক মাস ধরেই নেইমারের ওপর নিবিড় পর্যবেক্ষণ করে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট। মাঠে বসে তার খেলা দেখেছেন দেশটির কোচিং স্টাফ। এরই মধ্যে তাকে কাছ থেকে দেখতে ১০ মার্চ ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের ম্যাচটি দেখতে যাওয়ার কথা ছিল আনচেলত্তির। কিন্তু পেশির অস্বস্তির কারণে সেই ম্যাচ খেলতে পারেননি নেইমার। তার সম্ভাবনায় কুঠারাঘাত পড়ে তখনই। আনচেলত্তি বেশ অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন; যা নেইমারকে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে না রাখার বড় কারণ বলে মনে করছেন অনেকে। 

আনচেলত্তি অবশ্য এসব কিছুই বলেননি। সোমবার দল ঘোষণার সময় নেইমারকে না রাখার পেছনে ফিটনেসকেই সামনে এনেছেন ব্রাজিল কোচ, ‘নেইমার শতভাগ ফিট থাকলে অবশ্যই বিশ্বকাপে খেলতে পারে। সে এখনও পুরোপুরি ফিট নয় বলেই এই তালিকায় নেই। বিশ্বকাপের চূড়ান্ত দল আর এই মুহূর্তের প্রীতিম্যাচগুলো সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমার এখন পুরোপুরি ফিট খেলোয়াড় দরকার। নেইমারকে নিয়মিত খেলতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে হবে।’

দল ঘোষণার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখান নেইমার। ফের উপেক্ষিত হওয়ায় হতাশা ঝরেছে এ তারকার কণ্ঠে, ‘আমি এ নিয়ে কথা বলব, কারণ আমি চুপ করে থাকতে পারি না। দলে ডাক না পাওয়ায় আমি অবশ্যই দুঃখিত ও হতাশ।’  তবে হাল না ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেইমার, ‘প্রতিদিনের অনুশীলন এবং ম্যাচে নিজের পারফরম্যান্স উন্নত করাই এখন আমার মূল লক্ষ্য। প্রতিটি ট্রেনিং, প্রতিটি ম্যাচে আমরা লক্ষ্য অর্জন করবই। বিশ্বকাপের আগে দলে ফেরার জন্য এখনও একটি শেষ সুযোগ আছে, আর আমার স্বপ্ন এখনও বেঁচে আছে।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161731