বগুড়ায় ৭৭ লাখ টাকা নিয়ে উধাও মাংস সমিতির লোকজন 

বগুড়ায় ৭৭ লাখ টাকা নিয়ে উধাও মাংস সমিতির লোকজন 

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ফোর স্টার মাংস সমিতির ৭৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে সমিতির লোকজন। শহরের মালগ্রাম চাপড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ঈদ উপলক্ষে মাংসের জন্য গরু কিনতে তারা মালগ্রাম চাপড়পাড়ায় আকরাম, হাকিম ও শাহিন নামে তিনজনের কাছে ফোর স্টার মাংস সমিতির নামে প্রতিষ্ঠানে টাকা জমা রাখেন।

প্রতি সপ্তাহে তারা একশ’ থেকে ৫শ’ টাকা করে জমা রেখেছেন। কেউ কেউ প্রতি মাসেও টাকা জমা করেছেন। এভাবে ১২শ’ পরিবার ওই মাংস সমিতিতে গত এক বছর যাবত ৭৭ লাখ টাকা জমা করেন। ঈদের আগে আজ মঙ্গলবার (১৭ মার্চ) মালগ্রাম চাপড়পড়ায় গরু জবাই করে সমিতির ১২শ’ সদস্যের মাঝে মাংস বিতরণের দিন নির্ধারিত ছিল।

সে অনুযায়ী সদস্যরা আজ মঙ্গলবার (১৭ মার্চ) সেখানে জমায়েত হয়ে দেখেন, সেখানে কোন গরু জবাই করা হয়নি। মাংস সমিতির আকরাম, হাকিম ও শাহিন পালিয়েছে। সমিতির কয়েকজন নারী সদস্য বলেন, গত দুই বছর আগে থেকে আকরাম, হাকিম ও শাহিনের কাছে তারা ফোর স্টার মাংস সমিতি করে টাকা জমা দিয়ে আসছেন। তারা গত দুই বছর সমিতিতে টাকা জমা দিয়ে মাংস পেয়েছেন। কিন্তু এবছর তারা টাকা জমা দিলেও মাংস পাননি।

মাংস না দিয়ে সমিতির ৭৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে সমিতির লোকজন। তাদের আরও খোঁজ মিলছে না। 
একজন ভুক্তভোগী নারী বলেন, তিনি একাই মাংস সমিতির ৪০টি বই পরিচালনা করেন। তার মত অনেক নারী একাধিক বই নিয়ে হাজার টাকা ওই সমিতিতে জমা দিয়েছেন।

এভাবে এক বছরে ১২শ’ সদস্যের ৭৭ লাখ টাকা জমা দেওয়া হয়েছে সমিতিতে। কিন্তু এখন তারা মাংস পাচ্ছেন না। সমিতির জমাকৃত ওই পরিমাণ টাকা নিয়ে পালিয়েছে আকরাম, হাকিম ও শাহিন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সদর থানার ওসি মো. মুনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161669