ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা করবেন
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ছুটির আমেজ। স্কুল-কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে লম্বা ছুটি থাকায় অনেকেই গ্রামের বাড়ির পথে রওনা হচ্ছেন। তবে বাড়ি ফাঁকা রেখে যাওয়ার আগে কিছু বিষয় খেয়াল না করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে। তাই ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক থাকা জরুরি।
গ্যাস ও পানির লাইন পরীক্ষা
বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাস সিলিন্ডার বা গ্যাসের মূল লাইন বন্ধ করে যেতে হবে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমে। আবার ফিরে এসে চুলা জ্বালানোর আগে কিছু সময় দরজা-জানালা খুলে রাখা ভালো, যাতে ভেতরে জমে থাকা গ্যাস বের হয়ে যায়। একই সঙ্গে বাসার পানির কলগুলো ঠিকভাবে বন্ধ আছে কি না সেটিও নিশ্চিত করতে হবে।
ফ্রিজ ব্যবহারে সচেতনতা
ভ্রমণে যাওয়ার আগে ফ্রিজে রাখা পচনশীল খাবারগুলো যতটা সম্ভব শেষ করে ফেলা ভালো। যদি ফ্রিজে খাবার না থাকে, তাহলে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখাও যেতে পারে। বের হওয়ার আগে ফ্রিজ পরিষ্কার করে নিতে হবে, যেন ভেতরে কোনো খাবার নষ্ট হয়ে দুর্গন্ধ সৃষ্টি না করে।
বিদ্যুতের সুইচ
অনেক সময় তাড়াহুড়ায় বাসার লাইট, ফ্যান বা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের সুইচ অন অবস্থায় থেকে যায়। তাই বের হওয়ার আগে সব সুইচ বন্ধ আছে কি না দেখে নিন। কম্পিউটার, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিনসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে রাখলে নিরাপত্তা বাড়ে।
বাড়ির নিরাপত্তা
ঈদের সময় চুরি-ডাকাতির ঘটনা বাড়তে পারে। তাই বাসার দরজায় ভালো মানের তালা লাগানো জরুরি। সম্ভব হলে ভেতরের কক্ষগুলোর দরজাতেও আলাদা তালা লাগিয়ে রাখা যেতে পারে।
পোষা প্রাণীর ব্যবস্থা
বাড়িতে পোষা প্রাণী থাকলে তাকে একা রেখে যাওয়া ঠিক নয়। সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না হলে পরিচিত কারও কাছে রেখে যেতে পারেন। প্রয়োজনে পোষা প্রাণীর যত্ন নেওয়ার জন্য নির্দিষ্ট কেয়ার সেন্টারেও রাখা যায়।
রান্নাঘর ও ঘর পরিষ্কার
বের হওয়ার আগে রান্নাঘরের থালা-বাসন ধুয়ে পরিষ্কার করে রাখুন। ফলমূল বা সবজি এলোমেলোভাবে ফেলে না রেখে যথাস্থানে রাখুন। সিঙ্ক, কেবিনেট ও শেলফ পরিষ্কার করলে দীর্ঘদিন পরে ফিরে এসে দুর্গন্ধের সমস্যা হবে না।
দরজা-জানালা
বাসা ছাড়ার আগে দরজা-জানালা সঠিকভাবে বন্ধ আছে কি না তা কয়েকবার দেখে নেওয়া ভালো। এতে নিরাপত্তা ঝুঁকি কমে।
পরিষ্কার কাপড়
ভ্রমণ শেষে ফিরে এসে যাতে ঝামেলা না হয়, সে জন্য আগে থেকেই কিছু পরিষ্কার কাপড় ধুয়ে, শুকিয়ে ও আয়রন করে রেখে যাওয়া ভালো। এতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে অতিরিক্ত কাজ করতে হবে না।
ঘর গুছিয়ে রাখুন
ছুটিতে যাওয়ার আগে ঘর গোছানো থাকলে ফিরে এসে অগোছালো পরিবেশের মুখোমুখি হতে হবে না। এতে মানসিক স্বস্তিও পাওয়া যায়।
মূল্যবান জিনিসপত্র
আলমারি, টেবিল বা দেরাজে থাকা নগদ টাকা, অলঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ভালোভাবে লক করে রাখতে হবে। এসব জিনিস খোলা জায়গায় ফেলে রাখা ঠিক নয়।
গুরুত্বপূর্ণ কাগজপত্রের কপি
যাত্রার আগে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা প্রয়োজনীয় নথির ফটোকপি করে একটি কপি নিজের কাছে রাখা ভালো। এতে পথে হারিয়ে গেলে সমস্যার ঝুঁকি কমে।
ট্র্যাশবক্স
বাড়ি ছাড়ার আগে রান্নাঘরসহ সব কক্ষের ময়লার ঝুড়ি খালি করে বাইরে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। না হলে দীর্ঘদিন বদ্ধ অবস্থায় থাকলে দুর্গন্ধ ও জীবাণু ছড়াতে পারে।
সব মিলিয়ে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে এসব ছোট ছোট বিষয় খেয়াল রাখলে শহরের বাসাটি নিরাপদ থাকবে। একই সঙ্গে ছুটি শেষে ফিরে এসে একটি পরিষ্কার ও স্বস্তিকর পরিবেশ পাওয়া যাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161640