গাজীপুরের কালিয়াকৈ জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

গাজীপুরের কালিয়াকৈ জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

গাজীপুরের কালিয়াকৈরে রাতের আধারে জবাই করতে নেয়া ৯টি ঘোড়া জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। এসময় এ কাণ্ডে জড়িত চার সদস্যকেও আটক করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 

আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে ঘোড়া বহনকারী একটি ট্রাক ও একটি প্রাইভেটকার (প্রোবক্স) জব্দ করা হয়েছে। 

এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার  দিকে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় গজারি বনের ভেতর পুলিশ ও স্থানীয়রা একত্রে অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আটক ব্যক্তিরা হলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোজাম্মেল হক মুন্না (৩৫), কেরানীগঞ্জ থানার বাসিন্দা আবুল হোসেন (৩৮), শ্রীপুর উপজেলার বাসিন্দা আশরাফুল ইসলাম (৪৫), টঙ্গী চেরাগআলী এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন  (৪১)

স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে ফুলবাড়িয়া এলাকায় গজারি বনের ভেতর ঘোড়াগুলো নিয়ে যেতে দেখেন স্থানীয়রা। এসময় তাদের পথ অনুসরণ করে বনে প্রবেশ করলে জবাই করা ঘোড়ার দেহের বিভিন্ন অংশ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জীবিত ৯টি ঘোড়াসহ জড়িতদের আটক করে।

কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহনান বলেন, ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী ঘোড়া জবাই করে মাংস বিক্রিতে মেতে উঠেছে। এটি পুরোপুরি অবৈধ এবং আইনত অপরাধ। তাদের বিরুদ্ধে পশু নির্যাতন প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161626