বগুড়ার জামিলনগরে সাবেক কাউন্সিলর এরশাদের ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের জামিলনগর এলাকায় সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদের উদ্যোগে পৌরসভার ৮নং ওয়ার্ডবাসীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুই দিনব্যাপী এই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তা’লিমুল ইসলাম মডেল মাদরাসা জামিলনগরে বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মালগ্রাম, জামিলনগর, ব্যাংকপাড়া, জিলাদারপাড়া ও সবুজবাগ এলাকার প্রায় এক হাজার পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর সাথে শাড়ি—লুঙ্গিও বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক বলেন, সাধারণ মানুষের জন্য সাবেক কাউন্সিলর এরশাদের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। এছাড়াও তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন— আপনারা সাবেক কাউন্সিলর এরশাদের জন্য দোওয়া করবেন এবং তার মতো ত্যাগী, পরীক্ষিত ও সমাজের জন্য কল্যাণকর জনপ্রতিনিধিদের পাশে থাকার আহবান জানান।
বিতরণ কার্যক্রমের আয়োজক বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ বলেন, দুই দিনব্যাপী এই বিতরণ কার্যক্রমে আগামীকাল বুধবার সেউজগাড়ী, সূত্রাপুরসহ ওয়ার্ডের বিভিন্ন এলকায় বসবাসরত ভাসমান ও অস্থায়ী আরও প্রায় এক হাজার মানুষের এসব বিতরণ করা হবে। তিনি জানান, সর্বমোট এই ওয়ার্ডের প্রায় দুই হাজার মানুষের জন্য এবারের আয়োজন সম্ভব হয়েছে। সাধারণ মানুষের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে এবং কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই তার এই আয়োজন ধারাবাহিকভাবে চলমান রয়েছে; রমজান মাসব্যাপী ইফতার বিতরণ—পহেলা রমজানে ওয়ার্ডের ইমাম—মুয়াজ্জিন—খাদেমদের ‘তোহফায়ে রমাদান’ বিতরণ শেষে ঈদের তিনদিন আগে থেকে একবারে চাঁদ রাত পর্যন্ত শিশু—কিশোরদের মাঝে ঈদ সালামি বিতরণের মাধ্যমে তার ঈদুল ফিতরের কার্যক্রম শেষ হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে—চাল, সেমাই ও চিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—৮নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম সোহেল, সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, সিনিয়র শিক্ষক মোজাফফর হোসেন, ছাত্রশিবির আজিজুল হক কলেজ শাখার সেক্রেটারি সাকিব তামিম, ৮নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আলিফ মাহমুদ, সহসভাপতি রিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাজেমুর রহমান বুলবুল প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161619