জ্বালানি সংকট মোকাবিলায় যে ঘোষণা দিল শ্রীলঙ্কা

জ্বালানি সংকট মোকাবিলায় যে ঘোষণা দিল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলো কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। গত বছর হরমুজ প্রণালি দিয়ে প্রবাহিত তেল ও গ্যাসের প্রায় ৯০ শতাংশই এশিয়ার দেশগুলোর জন্য নির্ধারিত ছিল, যা এই অঞ্চলকে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক হিসেবে চিহ্নিত করে।বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিভিন্ন দেশে শুরু হয়েছে কৃচ্ছ্রসাধন।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শ্রীলঙ্কা প্রতি বুধবারকে সাধারণ ছুটি ঘোষণা করেছে। দেশটির পেট্রোল স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘ন্যাশনাল ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করা হয়েছে, যার মাধ্যমে নাগরিকদের জন্য জ্বালানি ক্রয়ের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। একইভাবে মিয়ানমারেও ব্যক্তিগত গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেখানে লাইসেন্স প্লেটের নম্বরের ওপর ভিত্তি করে একদিন অন্তর গাড়ি চালানোর অনুমতি দেওয়া হচ্ছে।বাংলাদেশে জ্বালানি সাশ্রয় করতে পরিকল্পিত লোডশেডিংয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রমজানের ছুটি এগিয়ে আনা হয়েছে। অন্যদিকে ফিলিপাইনে সরকারি অফিসের কর্মীদের জন্য সপ্তাহে অন্তত একদিন বাসা থেকে কাজ করা বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ বাধ্যতামূলক করা হয়েছে। এশিয়ার দেশগুলোর এমন সমন্বিত প্রচেষ্টা মূলত বিশ্ববাজারের জ্বালানি অনিশ্চয়তা থেকে নিজেদের অর্থনীতিকে রক্ষা করার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: বিবিসি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161584