কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

কিশোরগঞ্জ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

আজ সোমবার (১৬ মার্চ) জেলার সদর ও কটিয়াদী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইরফান (১৬) ও নৌশাদ (১৯) নামের দুই কিশোর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্কুলছাত্র ইরফানকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত নৌশাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তারও মৃত্যু হয়।

নিহত ইরফান কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার ফোরকান মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

এদিকে বেলা ১১টার দিকে কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে গরুকে ঘাস খাওয়াতে থাকা কৃষক ইমন মিয়া (২৬) ট্রাকের চাপায় ঘটনাস্থলেই গরুসহ নিহত হন। তিনি কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে।

দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ–ভৈরব আঞ্চলিক মহাসড়কে একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারী নিহত হন।

এ ছাড়া বিকেলে সদর উপজেলার বিন্নাটি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক শিশু নিহত হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া এবং কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খুরশেদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161545