প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে ডিজিটাল জালিয়াতি ও বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (১৬ মার্চ) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এর ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী তার দেওয়া বক্তব্যে বাংলাদেশে ডিজিটাল স্ক্যাম, এমএলএম পঞ্জি স্কিম এবং করপোরেট দুর্নীতির ক্রমবর্ধমান চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ২০০৬ থেকে ২০২১ সালের মধ্যে দেশে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে আনুমানিক ২১ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি এমটিএফই এবং বিভিন্ন বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের বিলিয়ন টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা গভীর উদ্বেগের বিষয়।
গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্রেড মিস-ইনভয়েসিং বা বাণিজ্যের আড়ালে ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ৮ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে।
তিনি বলেন, আধুনিক হোয়াইট কলার ক্রাইম’ মোকাবিলায় ১৮৬০ সালের প্রচলিত দণ্ডবিধি বর্তমানে অপর্যাপ্ত। এ কারণে সময়োপযোগী আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতারণা রোধে চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো— প্রতারণার নতুন কৌশল সম্পর্কে গবেষণা ও কৌশলগত তথ্য আদান-প্রদান জোরদার করা, বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতা প্ল্যাটফর্ম শক্তিশালী করা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালু করা এবং বিচারিক কাঠামো ও আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আর্থিক ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তবে অপরাধের বৈশ্বিক প্রকৃতির কারণে আন্তঃসীমান্ত সহযোগিতা ছাড়া এককভাবে এটি নির্মূল করা সম্ভব নয়।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই সামিটে বিশ্বের বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, নীতি-নির্ধারক এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরা অংশ নিয়েছেন। মন্ত্রী আগামীকাল যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161529