ঈদ উপলক্ষে মৌমাছি খেলাঘরের উদোগে লাচ্ছা ও পাঞ্জাবি বিতরণ
স্টাফ রিপোর্টার : ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বগুড়া শহরের সেউজগাড়ী মৌমাছি খেলাঘর আসরের উদ্যোগে আড়াই শতাধিক দুস্থ মানুষের মধ্যে লাচ্ছা সেমাই, চিনি বিতরণ এবং সেইসাথে সেউজগাড়ী আশরাফুল উলুম ক্বওমি মাদ্রাসা ও হাসান (রা.) এতিমখানায় অর্ধশতাধিক এতিম ও শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) বেলা আড়াইটার দিকে পাঞ্জাবি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খেলাঘর উপদেষ্টা ও দেশের স্বনামধন্য বেসরকারি পলিটেকনিক বিআইআইটি (বীট) এবং বীট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত।
আশরাফুল উলুম ক্বওমী মাদ্রাসা ও হাসান (রা.) এতিমখানায় পাঞ্জাবি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর উপদেষ্টা সামছুল হুদা গেদা, সংগঠনের সভাপতি ও বগুড়া জেলা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান রানা, খেলাঘর সংগঠক বায়েজিদ হাসান রিয়াদ ও সানি প্রমুখ। উল্লেখ্য, ওই মাদ্রাসায় ও এতিমখানায় বীট ফাউন্ডেশনের সহযোগিতায় নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়।
এদিকে, বিকেল ৩টায় সেউজগাড়ী পালপাড়ায় মৌমাছি খেলাঘর আসরের উদ্যোগে খেলাঘর কার্যালয়ে আড়াই শতাধিক দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে লাচ্ছা সেমাই ও চিনি বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বীট’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাহাবুদ্দীন সৈকত।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-খেলাঘর উপদেষ্টা দিলীপ কুমার দেব, সামসুল হুদা গেদা, খেলাঘর উপদেষ্টা জাহিদুল ইসলাম জাহিদ, আফরোজা বেগম শাপলা। বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-খেলাঘর সভাপতি মাসুদুর রহমান রানা, তাসু খাতুন, রবীন, রিয়াদ প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161513