সিরিজ হারে নির্বাচকদের কঠোর সমালোচনায় আফ্রিদি
স্পোর্টস ডেস্ক : টি—টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ের পর এবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান।
গতকাল তৃতীয় ম্যাচে ১১ রানে হেরে পাকিস্তান সিরিজ হেরেছে। এরপরই নির্বাচকদের এক হাত নিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। সাবেক এই অধিনায়ক তাদের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, নির্বাচকদরা সমালোচনার যোগ্য। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে আফ্রিদি বলেছেন, ‘আপনারা ২০২৬ টি—টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স দেখেছেন। এখন আমরা বাংলাদেশ সিরিজও ২—১ ব্যবধানে হেরেছি। আমার মতে, নির্বাচক কমিটির সমালোচনা পাওনা। কমিটির সবাই এত ক্রিকেট খেলেছেন, তবুও মনে হয় না যে কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত সে বিষয়ে আপনাদের পরিষ্কার ধারণা আছে।’
পাকিস্তান বাংলাদেশে এসেছে নতুন ৬ ক্রিকেটারকে সঙ্গী করে। এই সিরিজের আগে আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘোরি, শাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হুসেন কখনও ওয়ানডে খেলেননি। সাদ মাসুদ খেলেননি প্রথম শ্রেণির কোনো ম্যাচও। আফ্রিদি এমন ক্রিকেটারদের সুযোগ দিতে নারাজ। তিনি বলেন, ‘আপনারা ‘সার্জারি’ নাম দিয়ে খুব বেশি সিদ্ধান্ত নিচ্ছেন। আপনারা এমন তরুণ খেলোয়াড়দের দলে নিচ্ছেন, যারা মাত্র কয়েকটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। আমাদের ঘরোয়া ক্রিকেটের মানও এমন নয় যে সেখান থেকে নিয়মিতভাবে এমন খেলোয়াড় তৈরি হবে, যারা সরাসরি পাকিস্তান দলে জায়গা নিশ্চিত করতে পারে।’
সাবেক এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘যেসব সিনিয়র খেলোয়াড় দলে থাকার যোগ্য ছিল, যদিও টি—টোয়েন্টিতে তাদের পারফরম্যান্স খুব শক্তিশালী না, তাদের ওয়ানডেতে কিন্তু খুব ভালো রেকর্ড ছিল। কিন্তু সার্জারির নামে আপনারা সেই অভিজ্ঞ খেলোয়াড়দেরও দূরে রাখছেন।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161460