জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন রাষ্ট্রপতি—প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের নামাজ আদায় করবেন। ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এমনটা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দু—এক দিনের মধ্যেই পুরো কাজ শেষ হবে। তিনি বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এ ময়দানে নামাজ আদায় করবেন।
প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। যেহেতু আবহাওয়া গরম তাই কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রের চেষ্টা করবো ঈদগাহে। এছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইটের ব্যবস্থা থাকবে। সবার জন্য ওযুখানাসহ নারীদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, সে কারণে এখানকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এটা ঢাকার নাগরিকদের জন্য আনান্দের। নগরবাসী যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদের নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে আমন্ত্রণ জানাই। যারা এখানে নামাজ আদায়ে আসবেন, তারা ঈদগাহে প্রবেশের সময় নির্দেশনা মেনে নিরাপত্তায় ব্যহত হয় এমন কিছু সঙ্গে বহন করবেন না।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161437