স্কুল-কলেজে র‌্যাগ ডে বন্ধে মাউশির কঠোর নির্দেশনা

স্কুল-কলেজে র‌্যাগ ডে বন্ধে মাউশির কঠোর নির্দেশনা

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘র‍্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা, অশ্লীলতা ও ইভটিজিং রোধে কঠোর অবস্থান নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একইসঙ্গে শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং রাতে পড়াশোনায় মনোযোগী করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতির প্রতিবেদন তলব করা হয়েছে।

আগামী ৩০ মার্চের মধ্যে নির্দিষ্ট ছক মোতাবেক এই প্রতিবেদন মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে পাঠানোর জন্য দেশের সকল আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার সাথে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভার গৃহীত সিদ্ধান্তের আলোকে মাদকের কুফল সংক্রান্ত প্রচার প্রচারণা বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্ট্রি ও মাদকবিরোধী থিম সং প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ইভটিজিং প্রতিরোধ ও র‍্যাগ ডে-এর নামে বিশৃঙ্খলা রোধে গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতির পাশাপাশি ছাত্র-ছাত্রীদের রাতে পড়াশুনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত তথ্য আগামী ৩০ মার্চের মধ্যে ই-মেইলে (director.mew@gmail.com) প্রেরণ করা প্রয়োজন।

‘এমতাবস্থায় তার আওতাধীন অঞ্চলের জেলা/উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের বর্ণিত পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনের সার-সংক্ষেপ একসাথে কম্পাইল করে উল্লিখিত তারিখের মধ্যে নিম্নোক্ত ছক মোতাবেক প্রেরণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হল।’

 

ছকের মধ্যে রয়েছে-অঞ্চলের নাম, অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠান, প্রতিবেদনের বিষয় বাস্তবায়নকৃত প্রতিষ্ঠানের শতকরা হার, প্রতিবেদনের বিষয় বাস্তবায়ন করতে না পারা প্রতিষ্ঠানের শতকরা হার (যদি থাকে) এবং না পারার কারণ এবং মন্তব্য।

জানা গেছে, ২০২২ সালের ৩ জুলাই ‘র‍্যাগ ডে’ উদ্‌যাপনের নামে অশোভন আচরণ, অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, নিষিদ্ধ ও নিষ্ঠুর কর্মকাণ্ড এবং বুলিং (উত্ত্যক্ত করা) বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশ দিয়েছিল ইউজিসি। কমিশনের এক চিঠিতে বিশ্ববিদ্যালয়গুলোকে এই নির্দেশ দেয়। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল চিঠিতে।

এর আগে, একই বছরের ৭ এপ্রিল দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডের নামে ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান। পরে ১৭ এপ্রিল ৩০ দিনের মধ্যে র‌্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং, নগ্নতা ও অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161386