রাখি’র ‘তুই থেকে তুমি’তে তৌসিফ-নীহা
অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও দর্শকপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহাকে নিয়ে আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য প্রজন্মের তরুন মেধাবী নাট্যকার ও নির্মাতা হাসিব হোসাইন রাখি নির্মাণ করেছেন ঈদ বিশেষ নাটক ‘তুই থেকে তুমি’। নাটকে তৌসিফ অভিনয় করেছেন নাহিদ চরিত্রে ও নীহা অভিনয় করেছেন ফালাক চরিত্রে।
নাটকটির গল্প ও তৌসিফ-নীহার অভিনয় প্রসঙ্গে নির্মাতা হাসিব হোসাইন রাখি বলেন,‘ ভার্সিটিতে একসঙ্গে পড়ে নাহিদ ও ফালাক । দু’জন দু’জনার খুব প্রিয় বন্ধু। একটা সময় দুজনে বুঝতে পারে তাদের ভিতর যে বন্ধুত্বের সম্পর্ক এটা শুধু বন্ধুত্ব নয়. তারা দুজন দুজনকে ভালোবাসে। প্রথমে কেউ কাউকে ভালোবাসার কথা শেয়র করে না। একসময় নাটকের গল্পে একটা ক্রাইসিস মোমেন্টের মুখোমুখি হয়ে বাধ্য হয়ে দুজনে দুজনের প্রতি ভালোবাসার কথা স্বীকার করে। বন্ধুত্ব থেকে ভালোবাসার মানুষ হয়ে যাওয়ার গল্পই হলো তুই থেকে তুমি নাটকটির মূল গল্প। দু’জনই যার যার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। আমি আমার নিজের রচিত ও নির্মিত এই গল্প নিয়ে ভীষণ আশাবাদী। আশা করছি নাটকটি দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হয়ে উঠবে।’
তৌসিফ-নীহা অভিনীত ‘প্রেমাতাল’ শিরোনামেরও একটি নাটক আগামী ঈদে প্রচারে আসবে। এর আগে তৌসিফ-নীহা জুটি শিহাব শাহীনের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, মোস্তফা কামাল রাজের অনুরাগ’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘চুপকথা’, ইমরাউল রাফাতের ‘ম্যাচ মেকার’, জাকারিয়া শৌখিনের ‘লাকি মি’, ‘লাভ রেইন’, ‘সে আমার শেষ ভালোবাসা’ নাটকে অভিনয় করেন। উল্লেখ্য, তুই থেকে তুমি ‘সুলতান এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161368