বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ায় দুই নারী রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ রোববার (১৫ মার্চ) সকালে হাসপাতালের নাক-কান-গলা বিভাগে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাব্লুগঞ্জ গ্রামের মান্নানের স্ত্রী সেফালী (৬০) এবং বরিশাল কাশিপুর বিমানবন্দর থানার মৃত বাবু হাওলাদারের স্ত্রী হেলেনা (৪৫)। তারা দুজনই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।

স্বজনদের অভিযোগ, সেফালীর গালে টিউমার এবং হেলেনার থাইরয়েড সমস্যার কারণে রোববার তাদের অপারেশন হওয়ার কথা ছিল। সকালে ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হালদার ভুলবশত নরকিউ (Nor Q) ১০ মিলিগ্রাম অ্যানেস্থেসিয়া ইনজেকশন পুশ করেন। 

ইনজেকশন দেওয়ার দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন দুই রোগী। পরে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন স্বজনরা।

অভিযুক্ত নার্স মলিনা রাণী হালদার বলেন, 'ইচ্ছা করে এ ঘটনা ঘটেনি। দুর্ঘটনাটি ভুলবশত হয়ে গেছে। আমি এজন্য ক্ষমা চাইছি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেছেন, 'ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ইতোমধ্যে ঘটনা তদন্তে অধ্যাপক ডা. আমিনুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি।

তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ভুক্তভোগী পরিবার যদি আইনের আশ্রয় নেন, হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161339