কুমিল্লায় ঈদের কেনাকাটা করতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু
ঈদের কেনাকাটা করতে স্বামীর সঙ্গে বাজারে এসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ।
আজ রোববার (১৫ মার্চ) কুমিল্লার দাউদকান্দি পৌরবাজারে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানায় রেখেছে।
নিহত শাহিনা আক্তার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপেচর গ্রামের সাহাবুদ্দীনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা ১২টা ১৫ মিনিটের দিকে ঈদের কেনাকাটা শেষে হলুদ ও মরিচ ভাঙাতে দাউদকান্দি পৌরবাজারের মনির হোসেনের দোকানে যান সাহাবুদ্দীন ও তার স্ত্রী শাহিনা আক্তার (৩৫)। এ সময় হলুদ-মরিচ ভাঙানোর মেশিন চালু থাকা অবস্থায় একপর্যায়ে শাহিনা আক্তারের বোরখা মেশিনের চেইনের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি মেশিনের চাকার ভেতরে ঢুকে পড়লে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
নিহতের স্বামী সাহাবুদ্দীন বলেন, আমরা হলুদ ভাঙাতে দোকানে যাই। আমার স্ত্রী পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তার ‘উফ’ শব্দ শুনতে পাই। চোখের পলকে দেখি আমার স্ত্রীর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমি তখন বাকরুদ্ধ হয়ে যাই।
প্রত্যক্ষদর্শী বাজারের ব্যবসায়ী তৌফিক রুবেল বলেন, আমি দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একজন মহিলা পড়ে আছেন। সঙ্গে সঙ্গে বিদ্যুতের লাইন বন্ধ করি। তখন বুঝতে পারিনি তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি দেখে আমি হতবাক হয়ে যাই।
নিহতের দেবর আতাউর রহমান বলেন, বাজারে এসে হলুদ ভাঙার মেশিনে পেঁচিয়ে আমার ভাবি মারা গেছেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। এ ঘটনায় আমাদের পরিবারে শোকের মাতম চলছে।
দাউদকান্দি মডেল থানার ওসি তদন্ত মো. সামছুল আলম প্রধান বলেন, ঘটনাটি আমাদের থানা থেকে ৩শ গজ দূরে ঘটে। খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থল মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিম বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।