নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
স্পোর্টস ডেস্ক : নারী ক্রিকেটারদের জন্য নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘বিসিবি উইমেন্স কাপ’ নামে এই প্রতিযোগিতা আগামী ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্টে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা। প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেবে, ফলে ১১২ জন ক্রিকেটার এতে খেলার সুযোগ পাবেন।
অংশগ্রহণকারী সব খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। পাশাপাশি চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।
এদিকে চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা ছিল নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে সেই টুর্নামেন্টের সূচি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী ১০ জুলাই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হবে নারী বিপিএলের প্রথম ম্যাচ। পাশাপাশি একই স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। মিরপুরে ফাইনাল হবে ২১ জুলাই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161266