সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহৎ কর্মসূচি প্রণয়ন করবে : বাছির জামাল
রংপুর জেলা প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) বলেছেন, সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহৎ কর্মসূচি প্রণয়ন করবে। বর্তমান সরকার, সাংবাদিক বান্ধব সরকার। শুধু এই সরকার না, এই সরকারের পূর্বসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সরকার সাংবাদিকদের সহায়তায় অনেক কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের প্রথম ঢাকা শহরে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আমাদের জাতীয় প্রেস ক্লাবের বর্তমান যে সুরম্য ভবন তা উদ্বোধন হয়েছে। এখানকার জায়গার একটি অংশ মরহুমা বেগম খালেদা জিয়ার আমলে আমাদেরকে সাফ কবলা করে দিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার সরকারের উদ্যোগে সাংবাদিকদের জন্য আরেকটি থাকার বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যা নির্মাণাধীন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের সাংবাদিকদের আর্থিক অনুদান এবং মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে এবং রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম, আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর প্রেস ক্লাব প্রশাসক মোঃ রমিজ আলম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন প্রমুখ।
বাছির জামাল আরও বলেন, যারা প্রবীণ সাংবাদিক রয়েছেন তাদের পেনশনেরও ব্যবস্থা করা হবে। এভাবে আমাদের সাংবাদিকদের অবস্থার উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। ভবিষ্যতে আমাদের সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার আরও বৃহৎ কর্মসূচি প্রণয়ন করবে। আজকে আমরা যাদেরকে বৃত্তি দিচ্ছি এবং অনুদান দিচ্ছি আমরা এই অনুদান এবং বৃত্তির সংখ্যা সামনে আরও বাড়িয়ে দেব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে রংপুর বিভাগের ৫ জেলার ২৩ জনকে আর্থিক অনুদান এবং ৪ টি জেলার ৯৪ জন মেধাবী সাংবাদিক সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। পরে সন্ধায় সার্কিট হাউজ মিলনায়তনে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি যোগ দেন। অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্পাদক ছাড়াও নবীন ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161258