নরসিংদীর মনোহরদীতে দুই মাদকসেবীর কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে দুই মাদকসেবীর কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আজ শনিবার (১৪মার্চ) দুপুরে উপজেলার চালাকচর বাজার এলাকায় পীরপুর গ্রামের ব্রিজের পাশের পাকা সড়কে এ অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার পীরপুর গ্রামের মৃত কাজী হেলাল উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন (৩৬) ও রং মিয়ার ছেলে জুয়েল মিয়া (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের নির্দেশনায় রামপুরা পুলিশ ফাঁড়ির এসআই আহাদের নেতৃত্বে একটি পুলিশ দল উপজেলার  পীরপুর গ্রামের ব্রিজের পাশের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মাদক সেবন ও বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে শাহাদাত হোসেন ও জুয়েল মিয়াকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে বিষয়টি মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়াকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত শাহাদাত হোসেন ও জুয়েল মিয়াকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে মনোহরদী থানা পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161252