নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে
নড়াইলের কালিয়া উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলী মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আলী মোল্যা উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের মাথাভাঙ্গা গুচ্ছগ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভূক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটি ঘরের পেছনে থাকা টয়লেটে যাওয়ার সময় অভিযুক্ত আলী মোল্যা শিশুটির মুখ বেঁধে বাড়ির অদুরে পানের বরজে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে অভিযুক্ত ধর্ষক আলী পালিয়ে যায়।
এরপর ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন আলীকে আটক করে নড়াগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। শুক্রবার রাতেই এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161201