জামালপুরে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

জামালপুরে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

জামালপুরের বকশীগঞ্জে পাম্পে তেল না পেয়ে ক্ষোভে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। এতে প্রায় আধাঘণ্টা বকশীগঞ্জ-জামালপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেসার্স পরেশ চন্দ্র সাহা ফুয়েল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল থেকেই ওই পাম্পে তেল নেওয়ার জন্য মোটরসাইকেল চালকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে কয়েকজন মোটরসাইকেল চালক সড়কে নেমে বকশীগঞ্জ জামালপুর মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় যানজট।

প্রায় ৩০ মিনিট পর স্থানীয় বাসিন্দা ও পুলিশের হস্তক্ষেপে মোটরসাইকেল চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে অবরোধ তুলে নেওয়া হলে আবারও স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাত থেকেই পাম্পে তেল না থাকায় সেখানে কিছুটা জটলা তৈরি হয়। আজ সকালেও একই অবস্থা দেখা যায়। এ সময় কয়েকজন মোটরসাইকেল চালক সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা তাদের সরিয়ে দেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161193