ঈদে আসছে নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

ঈদে আসছে নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’, যা বাবা–ছেলের সম্পর্কের আবেগঘন গল্প নিয়ে তৈরি করা হয়েছে।

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। সম্প্রতি ঢাকার উত্তরা, মিরপুর ও আগারগাঁওয়ের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে।

নাটকটির গল্প নাগরিক জীবনের সম্পর্কের টানাপোড়েনকে ঘিরে আবর্তিত হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র ষাটোর্ধ্ব হায়াত সাহেব, যিনি সারা জীবন মফস্বলে চাকরি করে একমাত্র ছেলেকে ঢাকায় প্রতিষ্ঠিত করেছেন। স্ত্রীর মৃত্যুর পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তিনি ছেলের বাসায় ঢাকায় আসেন।

প্রথমদিকে বাবা-ছেলের মধ্যে আনন্দঘন পরিবেশ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে শহরের ব্যস্ততা ও বাস্তবতার চাপে তাদের সম্পর্কের মাঝে মানসিক দূরত্ব তৈরি হয়। নিদারুণ বাস্তবতার মধ্যে বাবা ও সন্তানের চিরায়ত সম্পর্কের আবেগঘন গল্প ফুটে উঠেছে এই নাটকে।

পরিচালক সুব্রত মিত্র জানান, এটি মূলত পারিবারিক গল্পের একটি নাটক যেখানে বাবা ও সন্তানের সম্পর্কের গভীর অনুভূতি তুলে ধরা হয়েছে। তাদের স্বপ্ন অনেক হলেও বাস্তবতার সীমাবদ্ধতা তাদের জীবনে ভিন্ন এক পরিস্থিতির সৃষ্টি করে।

নাটকটিতে হায়াত সাহেবের চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার পলাশ ও শিশুশিল্পী ইব্রাহিমসহ আরও অনেকে।

মো. জামাল হোসেনের প্রযোজনায় নির্মিত এই নাটকের চিত্রগ্রহণ করেছেন সুমন হোসেন এবং আবহসংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান। নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161188